
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক ইসমাইল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পোড়াগাঁও দাখিল মাদরাসা সংলগ্ন মার্কেটের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, পোড়াগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক ইসমাইল হোসেন বেশকিছুদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ঋণগ্রস্থ হয়ে পড়েন। ফলে ঋণের চাপে বিকারগ্রস্থ হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন জীবন-যাপন করছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় পোড়াগাঁও দাখিল মাদরাসা সংলগ্ন মার্কেটের একটি কক্ষে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তার মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ওই শিক্ষকের মরদেহ উদ্ধার করে। তিনি ওই কক্ষে ভাড়ায় থাকতেন বলে জানা গেছে। তিনি একই ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের মৃত বারেক মুন্সীর ছেলে।
ধারণা করা হচ্ছে, পারিবারিক অশান্তি ও ঋণের চাপে আত্মহত্যা করতে পারেন তিনি।