
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের শেরপুর-গাজীরখামার-নালিতাবাড়ী সড়কসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীরখামার উত্তরকান্দা গ্রামের আব্বাস আলীর ছেলে মুজাফফর আলী, শিপন মিয়ার ছেলে রমজান, বাচ্চু মিয়ার ছেলে রকিবুল ইসলাম, ফকির মাহমুদের ছেলে আব্দুর রহমান এবং সাইফুল ইসলামের ছেলে সাগর।
পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে গাজীরখামার এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টা করেন তারা। এ সময় শেরপুর সদর থানার নিয়মিত টহল দলের সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেন। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মী।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে গাজীরখামার এলাকায় পুলিশের নিয়মিত টহল চলছিল। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিলের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।