1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আওতায় আনার বড় ধরনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এই নিবন্ধনের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিকল্পনার কথা জানান।

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক নীতি-নির্ধারণী সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইসি সচিব আখতার আহমেদ অপ্রাপ্তবয়স্ক নাগরিকদের এনআইডি নিবন্ধনের প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন। তিনি উল্লেখ করেন, ৬ থেকে ১৬ বছর বয়সীদের ডেটাবেজ তৈরির সুবিধার্থে এই নিবন্ধন কার্যক্রম সরাসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শুরু করা যেতে পারে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি ও নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ বিষয়ে একটি বিশদ কর্মশালা আয়োজনের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট অংশীজন ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটি কার্যকর সুপারিশমালা তৈরির জন্য জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি অনুবিভাগ) মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে দেশে ১৭ বছর বয়স পূর্ণ হলে জাতীয় পরিচয়পত্র পাওয়ার সুযোগ দেয় নির্বাচন কমিশন এবং ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়। তবে বিভিন্ন নাগরিক সেবা ও পরিচয় নিশ্চিতের স্বার্থে এর চেয়ে কম বয়সীদেরও এনআইডির আওতায় আনার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন পক্ষ। সেই দাবির আলোকেই অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের বিষয়টি নিয়ে এবার সক্রিয়ভাবে এগোচ্ছে কমিশন।

এদিকে ইসির সর্বশেষ হালনাগাদকৃত পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com