1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ইত্যাদি দেখতে গিয়ে মোবাইল চুরির শিকার শতাধিক দর্শক

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখতে গিয়ে ভিড়ের মধ্যে মোবাইল ফোন চুরির শিকার হয়েছেন শতাধিক দর্শক। এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে অবস্থিত নান্দাইলদীঘি কলেজ মাঠে অনুষ্ঠানটির দৃশ্যধারণ করা হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার দর্শকের সমাগম ঘটে।

অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন আড়াই শতাধিক পুলিশ সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং ১০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবক। তবে এত নিরাপত্তার মধ্যেও বিপুল দর্শকের ভিড়ের সুযোগ নেয় চোর ও পকেটমার চক্র।

অনুষ্ঠান চলাকালে দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হতে থাকে। অনুষ্ঠান শেষে অনেকেই নিজেদের ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে মোবাইল হারানো একাধিক দর্শক কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

স্থানীয় সূত্রের দাবি, চুরি হওয়া মোবাইল ফোনের সংখ্যা শতাধিক হতে পারে। তবে প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভুক্তভোগীরা রোববার (৮ নভেম্বর) সকালে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে কালাই থানার ওসি (তদন্ত) ইমায়েদুল জাহেদী গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। চুরি হওয়া ফোনের সংখ্যা অর্ধশতাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অনুষ্ঠানস্থল থেকে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com