1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

চাঁদপুরে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৪৪, আটক ২৫ কিশোর

  • আপডেট টাইম :: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চাঁদপুর: চাঁদপুরের বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মী ও মাদকসংশ্লিষ্ট ৬ আসামিসহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাং বিরোধী অভিযানে ২৫ কিশোরকে আটক করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ১২ জন, ফরিদগঞ্জ থানায় ৮ জন, মতলব দক্ষিণ থানায় ২ জন, মতলব উত্তর থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন, শাহরাস্তি থানায় ২ জন ও কচুয়া থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানায় ৩ জন, হাইমচর থানায় ৪ জন, ফরিদগঞ্জ থানায় ৫ জন, মতলব দক্ষিণ থানায় ৪ জন, হাজীগঞ্জ থানায় ৪ জন ও কচুয়া থানায় ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাইমচর থানা পুলিশ ২ পিস ইয়াবাসহ একজনকে, ফরিদগঞ্জ থানা পুলিশ ২ পিস ইয়াবাসহ ২ জনকে, মতলব উত্তর থানা পুলিশ ২০ গ্রাম গাঁজাসহ ১ জনকে এবং শাহরাস্তি থানা পুলিশ ৪০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করে। সব মিলিয়ে অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকার মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। ১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও মাদকসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com