
শেরপুর : শেরপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের হামলায় জিন্নাত আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কুসুমহাটি কাজীরচর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জিন্নাত আলীর সঙ্গে তার ভাতিজা জসিমের বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার সন্ধ্যায় কাজীরচর গ্রামের নিজ বাড়িতে চাচা ও ভাতিজাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জিন্নাত আলীর ওপর হামলা চালান তাঁর ভাতিজা জসিম, মাজহার ও নজরুলসহ আরও কয়েকজন। এ সময় তাঁকে কিল-ঘুষি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্বজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, এলাকায় উত্তেজনায় বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।