বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন ডিপজল।
বুধবার (১১ নভেম্বর) এক শোকবার্তায় ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
এ সময় সবার কাছে মেজো ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও লেখেন, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
এর আগে গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের অসুস্থতার কথা জানিয়েছিলেন ডিপজল। একটি ছবি প্রকাশ করে তিনি লিখেছিলেন, তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল অত্যন্ত অসুস্থ। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছিলেন এই অভিনেতা। ওই পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করেছিলেন।
ঢাকাই চলচ্চিত্রে একসময় খলনায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান ডিপজল। তবে অভিনয়জীবনের শুরুতে তাকে নায়কের ভূমিকায় দেখা গেছে। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। পরে ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’ ও ‘ডাকাত’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন।
কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে আলোচনায় আসেন ডিপজল। সংলাপ বলার নিজস্ব ধরন ও অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গির কারণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পান তিনি। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিত ডিপজল। একাধিক ব্যবসাসফল সিনেমা প্রযোজনার পাশাপাশি হল ব্যবসা ও চলচ্চিত্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা।