
ঢাকা: রাজধানীর পল্লবীতে পার্কিংয়ে থাকা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বাসের আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) ও অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি ঢেলে তা নিয়ন্ত্রণে আনেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে বিকল্প পরিবহনের বাসটির প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। অন্যদিকে, অভিজাত পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।