1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

বক্তব্য প্রত্যাহার করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণ নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একইসঙ্গে তার বক্তব্যকে ঘুষের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করাকে রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক ব্যাখ্যায় এসব কথা জানানো হয়।

ব্যাখ্যায় বলা হয়, ১১ নভেম্বর প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংবাদ বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যকে উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা অসত্য ও বিভ্রান্তিকর।

মন্ত্রণালয় জানায়, প্রতিমন্ত্রী তার আনুষ্ঠানিক বক্তব্যে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের সরকারি উন্নয়নকাজের মান বজায় রেখে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে থেকে কাজের মান নিশ্চিত করে ঠিকাদারদের বিল পরিশোধের তাগিদ দিয়েছেন। সরকারি ব্যয় ও কেনাকাটার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি (পিপিআর) ও সরকারি ক্রয় আইন (পিপিএ) কঠোরভাবে অনুসরণের নির্দেশনাও দিয়েছেন।

ব্যাখ্যায় আরও বলা হয়, প্রতিমন্ত্রীর মূল বক্তব্য আড়াল করে তার সঙ্গে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের অনানুষ্ঠানিক আলাপের কিছু বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিমন্ত্রীর বক্তব্যকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হয়েছে। তার বক্তব্যকে ঘুষ লেনদেনের বৈধতা দেওয়ার সঙ্গে তুলনা করা অনভিপ্রেত এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।

এতে বলা হয়, সরকার সবসময় স্বচ্ছতা, জবাবদিহি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। দায়িত্বশীল পদে থেকে কোনো বৈধ প্রক্রিয়ার বাইরে অবৈধ সুবিধা গ্রহণের সুযোগ নেই।

ব্যাখ্যায় আরও বলা হয়, বুধবার সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত একটি কর্মশালায় গণমাধ্যমের সামনে আগের দিনের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি তার অনানুষ্ঠানিক বক্তব্যগুলো প্রত্যাহার করেছেন এবং এসব বক্তব্যের সঙ্গে সরকারের কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেছেন।

ব্যাখ্যায় প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে দুর্নীতি বন্ধে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com