
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: মাত্র একটি গরু ও দুই লাখ টাকা ঋণ নিয়ে গরুর খামার শুরু করেছিলেন এক নারী উদ্যোক্তা। পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ঋণ সহায়তায় সেই খামারে এখন দেশি-বিদেশি জাতের প্রায় ১২টি গরু। খামার থেকে আয় করে তিনি হয়েছেন স্বাবলম্বী। শুধু তা-ই নয়, গরুর বর্জ্য থেকে উৎপাদিত বায়োগ্যাসে মিটছে তার পরিবারের রান্নার জ্বালানির চাহিদাও।
সোমবার (১৬ নভেম্বর) শেরপুরের শ্রীবরদী উপজেলার আটাকান্দা গ্রামে ওই নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ওই নারী উদ্যোক্তার সাফল্যের গল্প শোনেন এবং তার অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান অন্য নারীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত এলাকার নারীদের স্বাবলম্বী হতে এ ধরনের উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক আগ্রহী নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের মাধ্যমে ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুল হাসান উপস্থিত ছিলেন।