
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী সীমান্তে মানব পাচারবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কর্ণঝোড়া ক্যাম্পের সদস্যরা। এ ঘটনায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও দুজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী বাবেলাকোনা এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে সেলিম মিয়াকে আটক করে বিজিবি। তিনি উপজেলার বোগলাকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিমের সঙ্গে মানব পাচার চক্রের সংশ্লিষ্টতার অভিযোগে স্বপন ও সুমন নামে আরও দুজনের তথ্য পাওয়া যায়। স্বপন ঝুলগাঁও এবং সুমন বৈষ্ঠমপাড়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা করা হয়েছে। আটক সেলিমকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, মানব পাচার চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।