1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসের কাঠের স্তুপে আগুন রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৭ মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে পুলিশের অভিযান দিনব্যাপী সফরে লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী ২১ জেলায় নাশকতা ও অগ্নিসংযোগে নিহত ৪, দেশজুড়ে নিরাপত্তা জোরদার রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান চুরি : জড়িত এক ব্যক্তি গ্রেপ্তার আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। সাত বছর ধরে চলা এ মামলার রায়ে তৈরি হতে পারে আন্তর্জাতিক আইনের নতুন ইতিহাস। কারণ, ১৯৪৮ সালে গণহত্যা সনদ স্বাক্ষরের পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক আদালতে গণহত্যার দায়ে বহু ব্যক্তির বিচার হলেও কোনো রাষ্ট্রকে এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে সরাসরি গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করা হয়নি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গাম্বিয়ার পক্ষে রায় এলে তা আন্তর্জাতিক আইনের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হবে। মামলায় গাম্বিয়ার পক্ষে নেতৃত্ব দেওয়া আইনজীবী আরসালান সুলেমানের মতে, গাম্বিয়া এই মামলায় জিতলে এটি একটি যুগান্তকারী রায় হবে। এটি ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং কোনো রাষ্ট্র কর্তৃক সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনি জবাবদিহিতার ধারণাকে নতুন প্রাণশক্তি দেবে।

২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বরে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযান চালানো হয়। ওই অভিযানে হত্যা, নির্যাতন, ধর্ষণ ও অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটে। প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ওই সময় রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের গ্রামগুলোতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছিলেন কয়েকজন সাংবাদিক। পাশাপাশি বাংলাদেশে পালিয়ে আসা লাখ লাখ মানুষের ভয়াবহ দুর্ভোগও সামনে আসে। রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন ও গণধর্ষণের অভিযোগ মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের অনুসন্ধানী দলের প্রতিবেদনেও বিস্তারিতভাবে উঠে এসেছে।

শত শত সাক্ষাৎকারের উপর ভিত্তি করে ২০১৮ সালে জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান ‘প্রকৃত নিরাপত্তাঝুঁকির তুলনায় চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ ছিল’। প্রতিবেদনে রাখাইনে গণহত্যা এবং অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। তবে মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছিল।

যেভাবে শুরু হয় গণহত্যা মামলা

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় রাখাইনে সংঘটিত অপরাধের অভিযোগে দেশটির কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে সরাসরি মামলা করা সম্ভব হয়নি।

এ পরিস্থিতিতে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। দেশটির যুক্তি ছিল, গণহত্যা সনদের বাধ্যবাধকতা সব রাষ্ট্রের জন্য প্রযোজ্য। ফলে কোনো রাষ্ট্র গণহত্যা সনদ লঙ্ঘন করলে অন্য রাষ্ট্রেরও সে বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে।

মামলায় শুধু মিয়ানমারের সেনাবাহিনী নয়, রাষ্ট্র হিসেবে মিয়ানমারকেই গণহত্যার জন্য দায়ী করা হয়। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে বিষয়টি ছিল তাৎপর্যপূর্ণ। কারণ, গাম্বিয়া সরাসরি ক্ষতিগ্রস্ত রাষ্ট্র না হয়েও গণহত্যা সনদ রক্ষার স্বার্থে মামলা করার অধিকার দাবি করে।

মিয়ানমার এ বিষয়ে আপত্তি জানালেও আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার মামলা করার আইনগত অধিকার রয়েছে বলে সিদ্ধান্ত দেয়।

অং সান সু চির ভূমিকা ও মিয়ানমারের অবস্থান

মামলাটি আন্তর্জাতিক অঙ্গনে আরও আলোচনায় আসে যখন নোবেলজয়ী অং সান সু চি নিজেই নেদারল্যান্ডসের দ্য হেগে গিয়ে মিয়ানমারের পক্ষে প্রাথমিক আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন।

বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, রাখাইনে সেনাবাহিনীর অভিযানের নিন্দা না করায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েন সু চি। যদিও সে সময় মিয়ানমারের সেনাবাহিনীর ওপর তার নিয়ন্ত্রণ সীমিত ছিল বলে মনে করা হতো।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আটক হওয়ার পর মামলায় মিয়ানমারের পক্ষে নতুন আইনজীবী দল দায়িত্ব নেয়।

গণহত্যার অভিযোগ প্রমাণ কতটা কঠিন?

আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন। বিশেষ করে কোনো অভিযানে সরাসরি গণহত্যার উদ্দেশ্য প্রকাশ না পেলে আদালতকে প্রমাণ করতে হয় যে অভিযুক্তদের কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা ছিল কোনো জাতিগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়।

বিবিসির প্রতিবেদনে ১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনার করা গণহত্যা মামলার উদাহরণ তুলে ধরা হয়েছে। সার্বিয়ার বিরুদ্ধে দায়ের করা ওই মামলার রায় দিতে আন্তর্জাতিক বিচার আদালতের ১৪ বছর সময় লেগেছিল। ২০০৭ সালের রায়ে আদালত বলেছিলেন, ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় সংঘটিত হত্যাকাণ্ড গণহত্যা হলেও সার্বিয়া রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য থাকার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দেশটিকে দায়ী করা হয়।

মিয়ানমারের আইনজীবী এবং অং সান সু চিও একই ধরনের যুক্তি তুলে ধরেছেন। তাদের দাবি, রাখাইনের পরিস্থিতি ছিল জটিল সংঘাতের অংশ। সেখানে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকলেও তা থেকে সরাসরি গণহত্যার উদ্দেশ্য প্রমাণিত হয় না।

অন্যদিকে গাম্বিয়ার আইনজীবী দলের দাবি, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য, ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের ওপর ধারাবাহিক বিধিনিষেধ গণহত্যার উদ্দেশ্য বোঝার গুরুত্বপূর্ণ প্রমাণ।

আইনজীবী আরসালান সুলেমান বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্য এবং ২০১৭ সালের সামরিক অভিযানের সঙ্গে সম্পর্কিত সরকারি বক্তব্য, প্রচারণা ও নীতিমালা আদালতে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, এসব বিষয় গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

গাম্বিয়ার পক্ষে রায় এলে কী হবে?

আন্তর্জাতিক বিচার আদালত যদি গাম্বিয়ার পক্ষে রায় দেন, তাহলে রাষ্ট্র হিসেবে মিয়ানমার আন্তর্জাতিকভাবে গণহত্যার দায়ে অভিযুক্ত ও নিন্দিত হওয়ার নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হবে।

এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের রায়ের সঙ্গে সরাসরি কোনো শাস্তি বা জরিমানার বিধানও যুক্ত থাকে না। ফলে রায় বাস্তবায়ন এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির ক্ষেত্রে অন্যান্য রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মিয়ানমারের বর্তমান সামরিক শাসক মিন অং হ্লাইংয়ের জন্যও এমন রায় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টায় এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রোহিঙ্গাদের কাছে রায়ের গুরুত্ব

এই মামলার রায় রোহিঙ্গাদের কাছে কেবল আইনি সিদ্ধান্ত নয়, বরং দীর্ঘদিনের নির্যাতন ও বঞ্চনার আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

বিবিসির সঙ্গে কথা বলতে গিয়ে ২০১৭ সালে রাখাইনের বুথিডং থেকে পালিয়ে বর্তমানে কানাডায় বসবাসরত রোহিঙ্গা মোহাম্মদ নওকিম বলেন, বছরের পর বছর ধরে অস্বীকার করা তাদের দুর্ভোগের স্বীকৃতি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে এই বিচারপ্রক্রিয়ার মাধ্যমে। রোহিঙ্গারা শুধু এ বছর নয়, কয়েক দশক ধরেই ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন।

রোহিঙ্গা অধিকারকর্মীরা আশা করছেন, গাম্বিয়ার পক্ষে রায় এলে আন্তর্জাতিক সম্প্রদায় আরও সমন্বিত উদ্যোগ নেবে। এর ফলে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার পথ তৈরি হতে পারে।

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থীশিবিরে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। কর্মসংস্থানের সুযোগ সীমিত এবং আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় তাদের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

প্রত্যাবাসনের পথে বড় বাধা

তবে আইসিজের রায় যাই হোক, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পথ এখনো অত্যন্ত কঠিন। রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত চলছে। রাজ্যের বড় অংশ বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।

অন্যদিকে রাখাইনের স্থানীয় জনগোষ্ঠীর একটি অংশ রোহিঙ্গাদের ফিরে আসার বিরোধিতা করে আসছে। সংঘাতের কারণে বহু রোহিঙ্গা গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ও সহায়তাও আগের তুলনায় কমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com