1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

শেরপুরে ৪৪০ স্থানে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় একযোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) জেলা শহরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। এতে জেলার ৪৪০টি স্থানে মোট ৫ হাজার ৭৯২ জন অংশ নেন।

জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর, উদ্যান, সরকারি কোয়ার্টার, বাজার, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

জেলা প্রশাসনের তথ্যমতে, নকলা উপজেলায় ৩৩টি স্থানে ২৯৭ জন, শ্রীবরদী উপজেলায় ২৪১টি স্থানে ১ হাজার ৫৭৭ জন, শেরপুর সদর উপজেলায় ৭৬টি স্থানে ১ হাজার ৯৮৫ জন, ঝিনাইগাতী উপজেলায় ৩৩টি স্থানে ৬৪৫ জন এবং নালিতাবাড়ী উপজেলায় ৫৭টি স্থানে ১ হাজার ২৮৮ জন এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

জেলা শহরে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

অন্য উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, বর্জ্য পরিষ্কার, আগাছা ও ঝোপঝাড় অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং বাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com