যশোর : যশোরের মণিরামপুর উপজেলায় একই রশিতে ঝুলে মা মেয়ে আত্মহত্যা করেছে।-মা মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আত্মহত্যাকারী পিয়া মন্ডল (২২) ও তার তিন বছরের শিশুকন্যা কথা (৩)। মশিয়াহাটি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক কণার মন্ডলের স্ত্রী পিয়া মন্ডল ও কথা মন্ডল তার একমাত্র কন্যা। শনিবার বিকেল ৫ টার সময় উপজেলার কুলটিয়া গ্রামের ফাল্গুন মন্ডলের বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ।
এলাকার একাধিক সূত্রে জানা গেছে, প্রভাষক কণার মন্ডলের অন্য এক নারীর সাথে পরকীয়া ছিল। যে ঘটনার জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। শনিবার কণার মন্ডল মাছ ধরতে বাড়ি থেকে একটু দূরে যায়। এ সময় স্ত্রী পিয়া মন্ডল ও তার একমাত্র মেয়ে কথাকে নিয়ে একই দড়িতে রান্না ঘরের মধ্যে আত্মহত্যা করে।
অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকালে ওই বাড়ির রান্না ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করেন। মা মেয়ের আত্মহত্যা ঘটনাটি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (মণিরামপুর) আশেক সুজয় মামুন ও ওসি তদন্ত শিকদার মতিয়ার রহমান।
স্থানীয় কুলটিয়া ইউপি চেয়ারমান শেখর মন্ডলসহ এলাকাবাসী জানায়, কণার মন্ডল স্ত্রী ও শিশু কন্যা নিয়ে কুলটিয়ার ওই বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি রফিকুল ইসলাম জানান, প্রভাষক কণার একই ইউনিয়নের সুজাতপুর গ্রামের ননী গোপাল মন্ডলের ছেলে। সুশীল সমাজের অনেকেই বলেন ঘটনার সত্যতা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।