
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ধূলাসার ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ধূলাস্বার গ্রামের দ্ররিদ্র জেলে হাসানের স্ত্রী মারুফা বেগম। ভিজিডি’র উপকারভোগী নারী হিসেবে ওয়ার্ড তালিকার ২৮ নম্বর ক্রমিকে যার নাম রয়েছে, কার্ড নম্বর-৫৫। কিন্তু মারুফা মহিলা ও শিশু অধিদপ্তর থেকে বরাদ্দকৃত তার প্রাপ্য সুবিধা পায়নি। দুই দিন আগে জানতে পেরে অনেক অনুনয়-বিনয়ের পর মেম্বারের কাছ থেকে তার নামের দুই মাসের ৫০ কেজি ভিজিডি’র চাল পেয়েছে মারুফা।
অন্যদিকে তার নামের চাল গত কয়েক মাস ধরে কাগজে-কলমে বিতরণ হয়েছে। এমনকি তার কার্ডটি পর্যন্ত এখনও দেননি মেম্বার। মারুফার স্বামীর নাম জেলে তালিকায় উপকারভোগী হিসেবে থাকলেও কখনও প্রাপ্য সুবিধা পাননি বলেও অভিযোগ করেন মারুফা বেগম ও তার স্বামী জেলে হাসান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ধূলাস্বার ২নম্বর ওয়ার্ডের আব্দুর রবের মেয়ে রোজিনা, ইছাকাক মাতুব্বরের মেয়ে মনিমুক্তা, ইউনুস বেপারীর মেয়ে হাসিনা, ওমর হাওলাদার’র মেয়ে নাহিদ বেগম, সোবাহানের মেয়ে তানিয়া, মালেক বেপারীর মেয়ে রুবিনা বেগম ঢাকা সিটি কর্পোরেশন এলাকার স্মার্ট কার্ড হোল্ডার। আবার ধূলাস্বার ইউনিয়নের ভোটার তালিকায় তাদের নাম না থাকার পরও ২ নম্বর ওয়ার্ড এলাকার দুস্থ ও অসহায় নারী হিসেবে ভিজিডি উপকারভোগী তালিকায় তাদের নাম রয়েছে ১, ৬, ৮, ১০, ১৫ ও ২৩ নম্বর ক্রমিকে। ঢাকায় অবস্থান করলেও কাগজে-কলমে প্রতি তারিখের ভিজিডি চাল গ্রহণ করেন তারা।
এছাড়া ১৪ নম্বর ক্রমিকের সুবিধাভোগী মাহমুদ মৃধার স্ত্রী সালমা বেগম, তালিকায় অভিভাবকের নামের স্থানে তার ভাই ফিরোজ আলমের নাম রয়েছে। ধূলাস্বার গ্রামে তার চার তলা আলিসান বাড়ি আছে। ২০ নম্বর ক্রমিকের উপকারভোগী সামছুদ্দোহা মৃধা’র স্ত্রী তহমিনা। গ্রামে তার ২তলা পাকা বাড়ি আছে। ২৫ নম্বর ক্রমিকের সুবিধাভোগী হাওয়া বেগম’র স্বামী শাহজালাল ইসলামী ব্যাংক লি: এর একজন কর্মচারী। গ্রামে তার একতলা পাকা বাড়ি আছে।
ধূলাসার ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডে একই চিত্র। সুবিধাভোগীদের তালিকায় থাকা এসব দুস্থ ও অসহায় নারীরা অনলাইনে আবেদনের পর জনপ্রতিনিধি এবং মহিলা ও শিশু অধিদপ্তরের ভিজিডি কমিটি এদের যাচাই-বাছাই করে চূড়ান্ত করেছেন। এ ভিজিডি কমিটির সভাপতি ইউএনও। সদস্য সচিব উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা।
ধূলাসার ইউনিয়ন পরিষদে শুক্রবার ভিজিডির ৩০০ তালিকাভুক্ত উপকারভোগীদের গত দুই মাসের চাল বিতরণ করা হয়েছে। দুই মাসের ৩০ কেজি করে ৬০ কেজি চালের বিপরীতে তারা চাল পেয়েছেন ৫০ কেজি করে। বাকী ১০ কেজি চালের কোন হদিস নেই।
ধূলাসার ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাক বলেন, মারুফা বেগম ভিজিডি চাল পেয়েছে। তার স্বামী জেলে হাসানও চাল পেয়েছে। এছাড়া রোজিনা, মনিমুক্তা, হাসিনা, নাহিদ বেগম, তানিয়া, রুবিনা ধূলাসার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তারা নিজেরা তাদের ভিজিডি চাল নেয়।
ধূলাসার ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার বলেন, ধূলাসার গ্রামে কোন চারতলা বাড়ি নেই। তালিকাভুক্তরা সবাই দুস্থ ও অসহায় নারী। শুক্রবার তাদের প্রত্যেককে দুই মাসের ৬০ কেজি করে চাল দেয়া হয়েছে।
ধূলাসার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভিজিডি’র তদারকি কর্মকর্তা উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, আমার উপস্থিতিতে ভিজিডি উপকারভোগীরা নিজেরা স্বাক্ষর করে তাদের চাল নেয়। চাল বিতরণে অনিয়ম হয়নি।
ভিজিডি উপজেলা কমিটির সদস্য সচিব, উপজেলা মহিলা ও শিশু অধিদপ্তরের কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, অনলাইনে আবেদনের পর দুস্থ ও অসহায় সাহায্য তহবিলের উপকারভোগীদের নাম চূড়ান্ত করা হয়েছে। উপকারভোগী তালিকায় কোন সমস্যা থাকলে সংশোধন করা হবে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক বলেন, ভিজিডি নিয়ে কোন ধরণের অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।