
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় সুজন হাওলাদার (৩২) নামে এক জেলেকে নৌ-পুলিশ কর্তৃক পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় চলছে। এ নিয়ে প্রশাসন-জেলে দু’পক্ষেরই পাল্টাপাল্টি মতামত পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট ঢোস এলাকায় এ ঘটনার পর উত্তেজিত শতাধিক জেলে অভিযুক্ত পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। নিহত সুজন হাওলাদরের বাড়ি উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চর বালিয়াতলী গ্রামে। সে ওই এলাকার সত্তার হাওলাদরের ছেলে।
এদিকে বিষয়টি জানতে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক শওকত জাহানকে তার মুঠোফোনে কল করলে তিনি বলেন, ঘটনাস্থলে রয়েছেন, এ বিষয়ে তথ্য দেয়া যাবে না। তবে বিকেল ৪টার দিকে জেলের লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে লালুয়া নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে এমন ঘটনা ঘটেছে বলে দাবী করেছেন স্থানীয় জেলেরা। তাদের অভিযোগ, ছোট ঢোস এলাকার নদীতে মাছ শিকারের প্রস্তুতির সময় পুলিশের মারধরে জেলে সুজন অসুস্থ হয়ে পড়ে। এসময় অন্য জেলেরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে বাবলাতলা বাজার এলাকায় তার মৃত্যু হয়। এ ঘটনা দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শতশত জেলে ও স্থানীয় মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়ে। একপর্যায়ে তারা ওই পুলিশ উপ-পরিদর্শক মামুনসহ চার পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।
জেলে আবুল হোসেন, বেল্লাল, আবু সুফিয়ান এ প্রতিনিধিকে জানায়, নদীতে মাছ শিকার করতে পুলিশকে মাসোয়ারা দিতে হয়। মাসোয়ারা না দেয়ায় সুজনকে এলোপাথাড়ি মারধর করে।
অভিযুক্ত পুলিশ উপ-পরিদর্শক মামুন এ প্রতিবেদককে বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত জেলে সুজন হাওলাদারকে জালের উপর শুয়ে থাকা অবস্থায় দেখেছেন। কোন পুলিশ সদস্য তাকে মারধর করেনি।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান সাংবাদিকদের জানান, লাশ ময়না তদন্ত রিপোর্টের পর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা যাবে।
এ বিষয়ে বালিয়াতলী ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। জেলেদের কাছে শুনেছি, পুলিশ তাদের ধাওয়া করলে চারজন পালিয়ে যায়। সুজনকে ধরে মারধর করলে সে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। ওসি তদন্ত দায়িত্বে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।