
হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিনে দুপুরে রান্না করার দা দিয়ে কুপিয়ে সুমন (৮) নামে এক শিশুকে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোদালিয়া ফেরি ঘাটের কাছে এ হত্যাকান্ড ঘটে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মূল হত্যাকারী একই গ্রামের শাহ্জাহানের পুত্র শরীফ (২৫) কে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নিহত শিশু সুমন উপজেলার পূর্ব ধুরাইল গ্রামের জুয়েলের পুত্র।
নিহতের মা মালেছা বেগম বলেন, সুমনের সাথে পাশের বাড়ির শরীফের ১৫ দিন আগে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দিনই শরীফ আমার বাড়িতে দা নিয়ে আমার শিশু সন্তানকে হত্যা করতে আসে। পরে শরীফের বাবা শাহ্জাহান এ ঘটনায় আমার কাছে পুত্রের হয়ে ক্ষমা চায়। আজ দুপুরে আমার শিশু সন্তানকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেয় শরীফ। পরে দা দিয়ে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে নদীর পাড়ে ফেলে যায় সে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী কোদালিয়া ফেরি ঘাটের ইজারাদার হেলাল উদ্দিন ভূইয়া বলেন, আমি নৌকা নিয়ে নদীর ওই পাড়ে ছিলাম। হঠাৎ দেখি নদীর পাড়ে এক শিশুকে দা দিয়ে কুপাচ্ছে শরীফ। এসময় আমি ও সাথে থাকা লোকজন চিৎকার করলে শরীফ ছেলেটিকে নদীর পাড়ে ছুড়ে মারে। পড়ে আবার সে নিজেই দ্বি-খন্ডিত মাথা শরীরের সাথে জোড়া দিয়ে চলে যায়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। হত্যাকান্ডে জড়িত শরীফকে আমরা আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।