
শেরপুর : শেরপুরে চার শিক্ষার্থী ও এক স্কুল শিক্ষকিকাসহ একই পরিবারে সাতজন করোনা আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা সদর হাসপাতালে দেওয়া করোনার নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ আসে। পরে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন থেকে ওই তথ্য জানা গেছে।
করোনা আক্রান্তরা হলেন- শেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত কুমার দে’র মা আরতি দে, স্ত্রী ফাল্গুনী মজুমদার, মেয়ে ঐশ্বর্য দে, ছেলে অর্ণব দে, সুব্রত’র ভাবী লুনা মিত্র মজুমদার, ভাতিজি অর্চিতা দে ও ভাতিজা সৌম্যদ্বীপ দে।
এরমধ্যে সুব্রত কুমারের মেয়ে ঐশ্বর্য শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ছেলে অর্ণব নবারুণ পাবলিক স্কুল, ভাতিজা সৌম্যদ্বীপ সরকারি ভিক্টোরিয়া একাডেমির শিক্ষার্থী। আর ভাতিজি অর্চিতা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে।
তারা শেরপুর শহরের গোপালবাড়ি এলাকার যৌথ পরিবারের সদস্য। গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জেলায় শিক্ষার্থীর করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা এটিই প্রথম।
এ ছাড়া সুব্রত কুমারের স্ত্রী ফাল্গুনী মজুমদার সদর উপজেলার গণই ভরুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত কুমার দে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন থাকার অনুরোধ জানানো হবে।
এদিকে বুধবার নতুন করে আরও ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯০টি। এখন পর্যন্ত জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪ হাজার ৭৩৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৮৭ জন। জেলায় মোট মারা গেছেন ৯০ জন।