
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় ঝাউবাগান সৈকত এলাকায় আবারো একটি ৭ ফুট দৈর্ঘ্যরে শুশুক জাতীয় মৃত ডলফিন ভেসে এসেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ৫ কিলোমিটার পূর্বে কুয়াকাটা সৈকতের ফরেস্ট অফিস ঢালা সংলগ্ন এলাকায় ডলফিন রক্ষা কমিটি’র সদস্য কেএম বাচ্চু মৃত ডলফিনটি দেখতে পান। পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডারকে জানানো হয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু এ প্রতিনিধিকে জানান, বুধবার সমুদ্র সৈকতের বৈরী আবহাওয়ার মধ্যে দ্বিতীয় ঝাউ বাগানে সৈকত এলাকায় মৃত ডলফিনটি দেখতে পায় ডলফিন রক্ষা কমিটির সদস্যরা। ধারণা করা হচ্ছে, জোয়ারের পানিতে শুশুক জাতীয় ডলফিনটি ভেসে আসছে। মাছটির মাথায় ও ঘায়ে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হয় ৮/১০ দিন আগে এটির মৃত্যু হয়েছে।
ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ডলফিন রক্ষা কমিটির সদস্যদের মাধ্যমে জানতে পেরে আমাদের টিম ওখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে। এর আগেও গত ২৩ তারিখ একটি ৫ ফুট লম্বা মৃত ডলফিন ভেসে এসেছিল। এ নিয়ে চলতি ২০২১ সালে প্রায় ২২টি মৃত ডলফিন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে।