
সুনামগঞ্জ: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা এলাকার নোয়াগাঁও গ্রাম সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা হয়।
খবর পেয়ে ঘাতক বাসটি আটক করেছে জয়কলস হাইওয়ে থানা পুলিশ। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই মোটরসাইকেলযোগে ছয়জন আরোহী সিলেটের দিকে আসছিলেন। শান্তিগঞ্জ উপজেলাধীন পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামসংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন থেকে ঢাকাগামী একটি বাস দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন। অপর মোটরসাইকেলের তিন আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।