
চট্টগ্রাম: লিজের জমি দখল নিয়ে বিরোধের জেরে খুন হন চট্টগ্রামের ফটিকছড়ির যুবক ফকির আহম্মদ (৩৩)। কিন্তু হত্যার পর ‘পাহাড়ি সন্ত্রাসীরা’ তাকে খুন করেছে- এমন গুজব ছড়ান আসামিরা। এই হত্যাকাণ্ডের দীর্ঘ একবছরেও থানা পুলিশ কোনো কুল-কিনারা করতে ব্যর্থ হয়। একপর্যায়ে নিহত ফকিরের বাবা ও হত্যা মামলার বাদী এজাহার মিয়া (৭০) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে তদন্তের জন্য যেতে চান। আর এই খবর পাওয়ার পর তাকেও হত্যা করেন একই দুষ্কৃতকারীরা। তবে শেষমেশ পিবিআইয়ের হাতেই গ্রেফতার হন এই জোড়া খুনের মূল হোতারা।
মঙ্গলবার (১৯ অক্টোবর) খাগড়াছড়ির লক্ষাছড়ি বাজার ও ফটিকছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনভর অভিযান চালিয়ে বাব-ছেলে খুনে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই।
গ্রেফতাররা হলেন- মো. ফিরোজ (৩৮), মো. সালাহ উদ্দিন ওরফে মন্নান (২৮) ও মো. এখলাস (৩৮)। তাদের সবার বাড়ি ফটিকছড়ি উপজেলায় বলে জানা গেছে। আসামি এখলাস এজাহার মিয়ার বড় মেয়ে চম্পার স্বামী। এছাড়া বাকি দুই আসামি ফিরোজ ও সালাহ উদ্দিন নিহতদের নিকটাত্মীয়।
আবার আসামিদের মধ্যে সালাহ উদ্দিন আজ (বুধবার) চট্টগ্রাম অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া একই আদালত বাকি দুই আসামি ফিরোজ ও এখলাসকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিহত ফকির আহম্মদ ও তার বাবা এজাহার মিয়া
বিষয়টি নিশ্চিত করেছেন জোড়া খুনের ঘটনার দুই মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম জেলার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল আব্বাস।