1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পরিবারে শিশুর সংখ্যা বেশি হলে মানসিক বিকাশ ত্বরান্বিত হয়

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জুন, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : পরিবারে এক শিশুর তুলনায় দুই বা ততোধিক শিশু থাকলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ত্বরান্বিত হয়। শুধু তাই নয়, শিশুর প্রাথমিক শৈশব বিকাশ পরিবারে শিশুর সংখ্যাধিক্যের ওপর নির্ভর করে। প্রত্যেক নতুন শিশুর জন্মে এ উন্নয়ন পাঁচ শতাংশ হারে বাড়তে থাকে।

গত ৫ এপ্রিল আমেরিকান বহুজাতিক প্রকাশনা সংস্থা উইলিতে প্রকাশিত একটি গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়।

‘আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস অ্যাসোসিয়েশন উইথ ম্যাটারনাল প্যারিটি’ শিরোনামে গবেষণাটি করেছেন অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ বিভাগের শিক্ষক এম মফিজুল ইসলাম এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক ড. নুরুজ্জামান খান।

বাংলাদেশ মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০১৯ এর তথ্য ইউনিসেফ নির্দেশিত চারটি ডোমেইন বিশ্লেষণ করে শিশুর প্রাথমিক বিকাশের ক্ষেত্রে এ তথ্য তুলে ধরেন গবেষকরা। ডোমেইনগুলো হলো শারীরিক বিকাশ, সাক্ষরতা ও সাংখ্যিক বিকাশ, শিখন ক্ষমতা ও সামাজিক আবেগ-অনুভূতির বিকাশ।

বাংলাদেশের ৬৪ জেলার ৩৬ থেকে ৫৯ মাস বয়সী (৩ থেকে ৫ বছর) ৯ হাজার ৩৮০টি শিশুর ওপর এ গবেষণা চালানো হয়।

গবেষণায় দেখা যায়, দেশের ২৫ শতাংশ শিশুর প্রাথমিক শৈশব বিকাশ ঠিকমতো হচ্ছে না। ৭১ শতাংশ শিশুর সাক্ষরতা ও সাংখ্যিক বিকাশ বিঘ্নিত হচ্ছে, ২৭ শতাংশ শিশু সামাজিক আবেগের দিক থেকে অবিকশিত থেকে যাচ্ছে। ৯ শতাংশ শিশু শেখার দিক থেকে পিছিয়ে পড়ছে। আর ১ শতাংশ শিশু শারীরিকভাবে বিকশিত হচ্ছে না। এ সমস্যাগুলোর উল্লেখযোগ্য অংশ ঘটছে পরিবারে শিশুর সংখ্যা তুলনামূলক কম হওয়ার কারণে।

গবেষণা বলছে, শিশুদের প্রাথমিক বিকাশের ওপর তাদের মা কত সংখ্যক সন্তান গ্রহণ করছেন তার একটি সম্পর্ক রয়েছে। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ নির্ভর করে মায়েদের সন্তান গ্রহণের ওপর। একজন মা একের অধিক সন্তান গ্রহণ করলে শিশুদের বিকাশ ত্বরান্বিত হয়। এক্ষেত্রে মায়েরা যদি মাধ্যমিক অথবা উচ্চতর শিক্ষা গ্রহণ করে থাকেন তাহলে অন্যদের তুলনায় সেই মায়ের শিশু সঠিকভাবে বিকশিত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে গবেষক ড. নুরুজ্জামান খান বলেন, ‘মূলত তিনটি কারণে সমস্যাগুলো হচ্ছে। প্রথমত, বাংলাদেশে শিক্ষিত পরিবারগুলো সন্তান কম নিতে আগ্রহী। বাবা-মা শিক্ষিত হওয়ায় তারা চাকরিক্ষেত্রে প্রবেশ করেন। এতে তাদের ব্যস্ততা বেড়ে যায়। যে কারণে ওই পরিবারের শিশুটি মা-বাবার কাছ থেকে পর্যাপ্ত সময় পাচ্ছে না। ফলে শিশুটি বেড়ে উঠছে বাড়ির কাজের মানুষটির সঙ্গে অথবা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বুঁদ হয়ে, যেটা সবচেয়ে বেশি হয়। এতে ওই শিশুটির বিকাশ বিঘ্নিত হচ্ছে।’

‘দ্বিতীয়ত, বাংলাদেশে শিশুদের প্রাথমিক বিকাশ নিয়ে তেমন কোনো একাডেমিক পড়াশোনার ব্যবস্থা নেই। এ সম্পর্কে বাবা-মায়েদের জ্ঞান নেই বললেই চলে। তারা বেশিরভাগই অসচেতন। জাতীয় পর্যায়েও এ ব্যাপারে সচেতনামূলক কোনো ক্যাম্পেইন লক্ষ্য করা যায় না। তৃতীয়ত, দেশে যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে। ফলে শিশুদের একে অপরের সঙ্গে যোগাযোগের পথ রুদ্ধ হচ্ছে। এটি একটি বড় সমস্যা।’

‘মূলত, পরিবারে সন্তান বেশি থাকলে শিশুরা নিজেদের সঙ্গে মিশতে পারে। একে অন্যের সঙ্গে সময় কাটালে উৎফুল্লতা বাড়ে। ফলে উন্নয়ন ঘটে’, যোগ করেন এ গবেষক।

সমস্যাগুলোর সমাধান কী জানতে চাইলে ড. খান বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত শিশুদের প্রাথমিক বিকাশ সম্পর্কে পড়াশোনার ফিল্ড তৈরি করা। প্রি-প্রাইমারি (প্রাক-প্রাথমিক) লেভেলে জোর দিতে হবে। বাবা-মায়েদের সন্তানদের সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। বাবা-মা যেন পাঁচ বছরের নিচের শিশুদের সঙ্গে বেশি সময় দেন সে বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি জরুরিভাবে ডিভাইস ডিপেন্ডেন্সি কমাতে হবে। হোক বাবা-মা কিংবা শিশু। সন্তানদের সমবয়সী শিশুদের সঙ্গে পর্যাপ্ত সময় কাটানোর ব্যবস্থা করতে হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com