1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কোরবানির ‘কুড়ানো’ মাংসের জমজমাট বাজার

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় জমে উঠেছে কোরবানির ‘কুড়ানো’ মাংসের জমজমাট বাজার। বিভিন্ন বাসাবাড়ি থেকে মৌসুমি কসাইরা কাজের বিনিময়ে পাওয়া মাংস এখানে বিক্রি করছেন। আবার নিম্নবিত্তরা দানে পাওয়া মাংসও এখানে বেচতে বসেছেন। দাম একটু কম হওয়ায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মাংস কিনে নিয়ে যাচ্ছেন।

রোববার (১০ জুলাই) ঈদের দিন দুপুরে মালিবাগ রেলগেট সংলগ্ন এমনই একটি বাজারের দেখা মেলে।

হোগলার ওপর দোকানি মাংস, হাড়গোড় সাজিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে মাংস এনে ভিক্ষুকরা বিক্রি করছেন। এ ছাড়াও কোনও কোনও কসাই বাড়ির গরু বানানোর কাজ শেষে উপহার হিসেবে মাংস যতটুকু পেয়েছেন; সেগুলো এ বাজারে এনে বিক্রি করছেন বলে গাজীপুর থেকে আসা রহিম মিয়া বলছিলেন।

তিনি বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মালিবাগের একটি বাসায় দুটি গরু কাটি। পরে সেখান থেকে প্রায় ৬ কেজি মাংস ও হাড়গোড় পাই। যা এখানে বিক্রি করছি।

হেদায়েতুল্লাহ বলছিলেন, প্রতিবারই আমি এই বাজারে দোকান করি। ঈদের দিন এবং পরের দিন এ ব্যবসা করে ভালোই উপার্জন হয়।

ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা গেছে, রাজধানীর বিভিন্ন এলাকার ভিক্ষুক এবং মৌসুমি কসাইরা সারাদিন কাজ করে যেসব মাংস কিংবা হাড়গোড় পায়, তা কম মূল্যে ৪০০-৫০০ টাকা দরে কিনে এখানে ৫৫০-৬০০ টাকা কেজি দরে বিক্রি করছে। গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসও এই হাটে বিক্রি করা হয়।

মাংস কিনতে আসা এক নারী বলেন, কোরবানি দিতে পারিনি। এ কারণেই বাজার থেকে মাংস কিনতে এনেছি। কী করব, যে উপার্জন করি তা দিয়ে কোরবানি দেওয়া কোনওভাবেই সম্ভব হয় না।

আরেক ক্রেতা হোসেন আলী বলেন, ছেলেমেয়েদের ঈদের দিন একটু মাংস খাওয়াতে এখানে কম মূল্য থাকায় কিনে নিয়ে যাচ্ছি। আমরা তো আর কোরবানি দিতে পারি না।

শুধু মালিবাগই নয়; খিলগাঁও রেলগেট, মিরপুর ১, ১০ নম্বর, ফার্মগেট খামারবাড়ি, পুরান ঢাকার বেশ কিছু এলাকায় এ বাজার বসেছে। ঈদের দিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত বাজারে বিপুল পরিমাণ মাংস বেচাবিক্রি হয় বলে ব্যবসায়ীরা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com