
বান্দরবান : সরবরাহ কমে যাওয়ার আশষ্কায় বান্দরবানে নিত্যপণ্য কেনার হিড়িক পড়েছে। আর এ সুযোগে প্রায় প্রতিটা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। কোন কোন দোকানে ন্যায্যমূল্যে জিনিস বিক্রি করলেও মুদি ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে তাও পারছে না খুচরা ব্যবসায়ীরা। এতে সমিতির পক্ষ থেকে তাদেরকে জরিমানা বা হুমকি দেয়া হয়। শুধু মুদি দোকানে নয়, সিন্ডিকেট এর কারণে ওষুধ এর দামও আগের তুলনায় বাড়তি নিচ্ছে বিক্রেতারা। তাই বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারী আরো বাড়ানোর দাবী জানিয়েছে স্থানীয়রা।
বান্দরবানে করোনা ভাইরাস আতঙ্কে মানুষের সাথে সাথে অস্থির নিত্যপণ্যের বাজার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য কিনছে ক্রেতারা। এর ফলে বাজারে পণ্যের চাহিদা বেড়েছে কয়েক গুণ। আর তাই প্রতিটা পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। প্রতি বস্তা চাউলের দাম বেড়েছে (২শ থেকে ৩শ) টাকা। আলু, আদা, রসুনের দাম বেড়েছে কেজি প্রতি ৫-১০ টাকা। পেয়াঁজ বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৬০-৭৫ টাকায়।
শুধু তাই নয়, নিত্যপ্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম বেড়েছ কয়েকগুণ। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে নিম্মমধ্যবিত্ত আয়ের মানুষেরা। প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করলেও থামানো যাচ্ছে না অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম।
শনিবার দুপুরে বান্দরবান বাজারের বিভিন্ন মুদি দোকান, চাউলের দোকান ও বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ,এম,ইবনে মিজান। এসময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বান্দরবান বাজারের বিভিন্ন ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে দ্রব্যমূল্য বাড়তি নেয়া ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ২ দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বেশি দামে পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান ও সতর্ক করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, সিন্ডিকেট এর কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। কেউ কম বিক্রি করতে চাইলেও তাকে জরিমানা করে সমিতি শাস্তি দেয়। তাই সবাইকে এক দামে বিক্রি করতে হয়। এগুলো শক্ত হাতে দমন করতে হবে। শুধু মোবাইল কোর্ট পরিচালনা করলে হবে না। তাদেরকে কঠোর শাস্তি প্রদান করতে হবে।
বান্দরবান বাজারে বাজার করতে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে ক্রেতারা বেশি জিনিস ক্রয় করছে। সে সুযোগে ব্যবসায়ীরা সঙ্কট পড়বে এমন ধারণা থেকে জিনিষের দাম বাড়িয়ে দিয়েছে। প্রশাসন আসলে এক রকম বলে এমনিতে আবার বাড়তি দাম। প্রতিটা দোকানে একই অবস্থা। সিন্ডিকেটের কারণে কেউ চাইলেও কম দামে বিক্রি করতে পারে না। প্রশাসনের পক্ষ থেকে শক্তভাবে দমন করতে না পারলে এটা কমানো সম্ভব হবে না।
আরেক ক্রেতা মোঃ মুছা বলেন, বান্দরবান বাজারে সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এখন বাজারে পেয়াঁজ ও চাউলের দাম সবচাইতে বেশি। প্রশাসনের জোর তদারকি করা দরকার এই মুহুর্তে। কেননা, বান্দরবান বাজারে এক দোকানে পেঁয়াজ ৪০ টাকা আর এক দোকানে ৭০ টাকা। চাউলের দোকানে প্রতিবস্তা চাল ২০০ টাকা থেকে ৩০০ টাকা বেশি হয়েছে।
এদিকে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে শনিবার সকালে বান্দরবান বাজারের বিভিন্ন দোকান ঘুরে দ্রব্যমূল্যের দাম যাচাই এবং ব্যবসায়ীদের বেশিদামে পণ্য বিক্রি না করতে নিষেধ করেছেন বাজার মনিটরিং কর্মকর্তা ও মুদি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
মনিটরিং কর্মকর্তা ও মুদি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা বলছেন, বাজারে কোন জিনিসের সংকট নেই। তারপরও ক্রেতারা প্রয়োজনের তুলনায় বেশি জিনিসপত্র কেনায় বাড়ছে দাম। তারা আরো জানান, কেউ যাতে ভোক্তাদের ঠকাতে না পারে আর মালামাল মজুদ করে বেশি মুনাফা নিতে না পারে তার জন্য প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অতিরিক্ত মুনাফালোভীদের শাস্তি দেওয়া হবে।
জেলা বাজার মনিটরিং কর্মকর্তা বিজয় ধর জানান, আমরা সবসময় বাজারের অবস্থা মনিটরিং করি। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী দাম ঠিক রাখে না। মূল্যতালিকা প্রকাশ করতে চায় না। আর এতে ভোক্তারা প্রতারিত হতে হচ্ছে। তবে আমরা অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় দেব না। দ্রব্যমূল্য বেশি নিলে তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করবো।
– এনএ জাকির