1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

ঝিনাইগাতীর মালিঝি নদীতে বাঁধ দিয়ে দখলের পাঁয়তারা, বোরো আবাদ শঙ্কায়

  • আপডেট টাইম :: রবিবার, ২২ মার্চ, ২০২০

ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মালিঝি নদীর গতিপথে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ ধরার নামে চলছে নদী দখলের পাঁয়তারা। এতেকরে নদী দখল ছাড়াও আশপাশে থাকা বোরো ধানক্ষেতে সেচ সংকট তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার হাসলিগাঁও গ্রামের কৃষক আনারুল হকের হাসলিগাঁও মৌজায় পৈত্রিক সম্পদের মাঝখান দিয়ে মালিঝি নদী বয়ে গেছে। বেশ কিছুদিন ধরে নদীর দুই পাশে শেরপুর সদর উপজেলার করুলীকান্দা গ্রামের বাদশা মিয়া, আমেজ আলী, রাজিব মিয়া, সাদ্দাম ও সালমান জোরপূর্বক বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে খরা জাল দিয়ে মাছ শিকার করে আসছে। এতে পানির প্রবাহ বাঁধার মুখে পড়ে বোরো আবাদ ক্ষতিগ্রস্থ হচ্ছে। এমতাবস্থায় গত বুধবার (১৮ মার্চ) সকালে পাশে থাকা ধান ক্ষেতের মালিক আনারুল হক নদীতে তৈরি বাঁধ ও জালের চাঙ উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বাদশাকে বলে। এতে বাদশাসহ তার লোকেরা উত্তেজিত হয়ে আনারুলকে মারধর করতে আসে। পরে আশপাশের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী আনারুলসহ স্থানীয় লোকজন জানান, যে নদীর মাঝে বাঁধ নির্মাণ করে মাছ শিকার করা হয় ওই নদিটি বেদখল করতেই মূলত বাদশা গংরা পাঁয়তারা করছে। তারা আরও জানান, নদী যে জমি দিয়ে প্রবাহিত হচ্ছে মূলত এ জমি একসময় আনারুলদেরই ছিল। কালক্রমে নদীতে চলে গেছে।
এ ব্যাপারে ফসলী জমি রক্ষার্থে আনারুল হক বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে মামলায় অভিযুক্ত বাদশার সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) সরোয়ার আলম অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
– মোহাম্মদ দুদু মল্লিক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com