
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা করোনাভাইরাস প্রতিরোধে সতর্ক অবস্থানে থেকে কাজ করছেন। এমনকি পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশ থেকে কয়লা নিয়ে যেসব জাহাজ আসছে সেসব জাহাজের নাবিকসহ শ্রমিকদের জাহাজ থেকে নামার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় এ সতর্কতা গ্রহণ করেছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানী লিমিটেড (বিসিপিসিএল) কর্তৃপক্ষ।
গত রবিবার (২২ মার্চ) বিকেলে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এমভি বাল্কবিওথাক নামে একটি কয়লাবাহী জাহাজ প্রায় ২২ হাজার ৪০০ মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙর করে। এ জাহাজে থাকা লোকদের মধ্যে ফিলিপাইনের ১৯ জন, রাশিয়ার ২ জন এবং লেবাননের ১ জন রয়েছে। জাহাজে থাকা এসব বিদেশির জাহাজ থেকে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে এক হাজার ২০০ চীনা নাগরিক এবং তিন হাজারের বেশি দেশীয় শ্রমিক কাজ করছে। করোনা পরিস্থিতির কারণে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় বাইরের দর্শনার্থীর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা হয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে যারা কাজ করছে তাদেরকেও বাইরে যেতে নিষেধ করে দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এমন সিদ্ধান্ত বহাল থাকবে।
বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানী লিমিটেডের (বিসিপিসিএল) সহকারী ব্যবস্থাপক শাহ মনি জিকো বলেন, দেশব্যাপি করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এর কোনো প্রভাব পড়েনি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সবধরণের উন্নয়ন কাজ চলমান রয়েছে। আগামী ৩১ মার্চের মধ্যে প্রথম ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ বানিজ্যকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করতে নিরলসভাবে কাজ চলছে বলে তিনি সাংবাদিকদের জানান।
– রাসেল কবির মুরাদ