
স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে চোখ রাঙানি দিয়ে মাঠে নেমেছিল মরক্কো। কাতারে প্রথম পাঁচ ম্যাচে প্রতিপক্ষের কাছে একটিও গোল হজম না করা দলটি আর এগোতে পারলো না। সেমিফাইনালে হেরে গেলো। নিজেদের ষষ্ঠ ম্যাচে রক্ষণব্যুহ ভেঙে গেলো, হারলো ২-০ গোলে। তবে এই হার মরক্কোর জাদুকরী বিশ্বকাপ যাত্রায় দাগ ফেলবে না মনে করেন কোচ ওয়ালিদ রেগরাগুই।
প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে মরক্কো। এর আগে তাদের সেরা সাফল্য ছিল শেষ ষোলোতে খেলা। দারুণ পারফরম্যান্সের নজির তৈরি করে আরব বিশ্বে নজর কেড়েছে এবার তারা। রেগরাগুই মনে করেন, এই জায়গায় পৌঁছাতে তারা যা করেছে তা অভাবনীয় এবং বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায় থেকে খুব বেশি দূরে নয় তারা।
মরক্কো কোচ বললেন, ‘আমরা সর্বোচ্চটা দিয়েছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের কিছু ইনজুরি ছিল, আমরা (নায়েফ) আগুয়ের্দকে হারিয়েছি ওয়ার্মআপের সময়, (রোমেইন) সাইস, (নওসাইর) মাজরাউইকে পাইনি। কিন্তু কোনও অজুহাত নেই।’
রেগরাগুই আরও বললেন, ‘সূক্ষ্ম ভুলের খেসারত দিতে হয়েছে আমাদের। আমরা ম্যাচে ভালোভাবে খেলতে পারিনি, প্রথমার্ধে আমাদের অনেক বেশি টেকনিক্যাল ভুল ছিল এবং দ্বিতীয় গোল আমাদের শেষ করে দিলো। কিন্তু এটা আমরা আগে যা করেছি তা মুছে ফেলবে না। এই হার আমাদের জাদুকরী বিশ্বকাপ যাত্রায় দাগ ফেলবে না।’
আগামী শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে মরক্কো, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। শেষটা জয় দিয়ে করতে চান রেগরাগুই, ‘এটা মানসিকভাবে কঠিন হবে। যারা খেলেনি আমি তাদের সুযোগ দেবো এবং আমরা তৃতীয় হওয়ার চেষ্টা করবো। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমরা আমাদের দলের ভালো দিন সামনে এনেছি এবং মরক্কোর ফুটবল শীর্ষ পর্যায় থেকে বেশি দূরে নেই।’