
বান্দরবান : করোনা ঝুঁকিতে মানুষ যখন ঘরে অবস্থান করছে তখন সাধারণ মানুষের দূর্ভোগ লাঘবে দিনরাত প্রশাসনের পাশাপাশি মাঠে করছে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি। এর ধারাবাহিকতায় গৃহবন্দী কর্মহীন ১০ হাজার পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এমপি। রবিবার (৫ এপ্রিল) সকালে হিল ভিউ কনভেনশন সেন্টারের সামনে থেকে সাত উপজেলার ৩৩টি ইউনিয়নের চেয়ারম্যানদের হাতে এ মানবিক সহায়তার ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় বান্দরবান ও লামা পৌরসভায় ১৮শ পরিবারকে এবং সাত উপজেলার প্রতিটি ইউনিয়নের ২০০ পরিবারের জন্য এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিন জেলা পরিষদকে নগদ ১ কোটি ৫০ লাখ টাকা ও ৬০০ মেট্রিকটন খাদ্যসামগ্রী বরাদ্দ দেন পার্বত্য মন্ত্রী।
এছাড়াও করোনা সঙ্কট মোকাবেলায় প্রশাসনের পক্ষ ৭ উপজেলায় ১৪৭ মেট্রিকটন চাল নগদ ১০ লাখ ৩৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এদিকে রবিবার সকাল থেকে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে খোলা বাজারে ওএমএস চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। এতে পরিবার প্রতি ১০ টাকা করে ৫ কেজি চাল ক্রয় করতে পারবে এবং প্রতি পরিবার সপ্তাহে একবার ক্রয় করতে পারবে। প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত এ চাল বিক্রয় কার্যক্রম চলবে। আগামী ৩ শে জুন পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে মানবিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বান্দরবানে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া যায়নি বলে জানান সিভিল সার্জন ডাক্তার অং শৈ প্রু।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইনে থাকা ১৬০ জন ব্যক্তির মধ্যে ৭৮ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। সাত উপজেলায় ৭টি আইসোলেশন স্টোর প্রস্তুত রাখা হয়েছে। সাধারণ মানুষকে মোবাইল ফোনে চিকিৎসা সেবা দেয়ার জন হট লাইন সার্ভিস চালু করা হয়েছে।
– এন এ জাকির