
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রধান দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভূমিকম্পের কারণে রাজধানী ম্যানিলায় তিনটি এলিভেটেড রেল লাইনের কাজকর্ম বন্ধ হয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ফিলিপাইনের সিসমোলজি এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পরে কোনো হতাহতের বা বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূকম্পনটির উৎসস্থল ছিল সমুদ্রের ১০ কিলোমিটার গভীরে। রাজধানী ম্যানিলার কাছাকাছি প্রদেশগুলিতেও কম্পন অনুভূত হয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বার্নার্ডো রাফায়েলিটো আলেজান্দ্রো বলেছেন, ‘রেল ও বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এখনও পর্যন্ত, ভূমিকম্পের বড় প্রভাবের কোনো খবর পাওয়া যায়নি।’
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ভূমিকম্পের সময় ম্যানিলার একটি হোটেলে সিলিং লাইট কাঁপতে দেখেছেন তিনি।