
নকলা, শেরপুর: শেরপুরের নকলায় ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে খাদ্যগুদাম (এলএসডি) প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খলিলুর রহমান, খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হালিমা খাতুন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা দরে কেনা হবে। সে হিসাবে প্রতি মণ ধানের ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০০ টাকা। নকলা উপজেলায় এ মৌসুমে আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭০১ মেট্রিক টন।
স্থানীয় কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে আমন ধান সংগ্রহ করা হবে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন বলে আশা করা হচ্ছে।