বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা সোহেল খানকে শেষবারের মতো একবার দেখার জন্য তার পৈতৃক বাড়িতে ভিড় করেছেন শত শত মানুষ। প্রিয় তারকার মরদেহ ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামে পৌঁছানোর পর সেখানে তৈরি হয় শোকাবহ পরিবেশ। এ সময় আশপাশের কয়েক গ্রামের মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। এছাড়াও স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে অ্যাম্বুলেন্সে করে বগুড়া থেকে গ্রামের বাড়িতে মরদেহ নেয়া হয় সোহেল খানের। মরদেহবাহী গাড়িটি অভিনেতার বাড়ির আঙিনায় প্রবেশ করার পরই সেখানে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা।
এ তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর অবশ্য তার বাড়ির সামনে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ নানা বয়সী মানুষ অপেক্ষা করছিলেন। সেখানে উপস্থিতদের কেউ কেউ এলাকার সন্তান এবং অভিনেতা হিসেবে তার স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুতও হয়ে পড়েন।
পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যার পর রাজাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে সোহেল খানের। পরে রাজাপুর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশেই দাফন করা হবে তাকে।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় মৃত্যু হয় সোহেল খানের। এদিন সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে। হাসপাতাল থেকে দেয়া মৃত্যুসনদ অনুযায়ী, সোহেল খানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে সনদে।
জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমায় শুটিংয়ে অংশ নেয়ার জন্য বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের একজন সদস্য। সেখানে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্যদের ডাকা হয়। তারপর দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিনেতাকে।
উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর নির্মাণেই তৈরি রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি।
সোহেল খান নাটকের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।
এছাড়া সবশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমাতেও দেখা গেছে তাকে। এতে একজেন গ্যারেজ মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল খান।