
আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে পণ্যবাহী দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী হুথি।সোমবার (১৮ ডিসেম্বর) গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল সংশ্লিষ্ট দুটি জাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
হুথিদের এক বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সামুদ্রিক প্লেন ব্যবহার করে জায়নবাদী প্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্র থাকা দুটি জাহাজে সামরিক অভিযান চালিয়েছে।
হুথির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া হামলার শিকার জাহাজগুলোকে এমএসসি ক্লারা এবং নরওয়েজিয়ান মালিকানাধীন সোয়ান আটলান্টিক হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, জাহাজ দুটির ক্রুরা তাদের কলে সাড়া দিতে ব্যর্থ হওয়ার পরে আক্রমণগুলো চালানো হয়।
সোয়ান আটলান্টিকের মালিক বলেছেন, জাহাজটিতে একটি অজ্ঞাত বস্তু দিয়ে হামলা করা হয়েছে। তবে ক্রুদের কেউ আহত হয়নি।
লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের তথ্য অনুসারে, এমএসসি ক্লারা পানামা-পতাকাবাহী একটি জাহাজ। জাহাজটিতে হামলার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে অসংখ্য জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে, গাজায় ইসরায়েলের সামরিক আক্রমণের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে লোহিত সাগরে হামলার লক্ষ্যবস্তু করছে তারা।
হুথিদের অব্যাহত আক্রমণ লোহিত সাগরের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথে তেল, শস্য এবং অন্যান্য পণ্যের পরিবহন নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে করে লোহিত সাগরের মধ্য দিয়ে পণ্যের বীমা এবং পরিবহনের খরচও বেড়ে গেছে।
ইয়েমেনের হুথিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েল তাদের হামলা বন্ধ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় অন্যান্য দেশের সঙ্গে একটি টাস্ক ফোর্স গঠনের কথা জানিয়েছে।