
শেরপুর: শেরপুরের স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ ২৮টি ইউনিয়নের মধ্যে রোববার থেকে ১৫টি ইউনিয়নের বন্যার পানি নেমে গেছে। তবে রেখে গেছে এর ভয়াবহতা। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি, পুকুর-ফসলি জমি ও প্রাণহানি থেকে শুরু করে অপুরণীয় ক্ষতি হয়েছে এ জেলার। অন্যদিকে বাকী ১৩টি ইউনিয়নের অন্তত ৭টিতে এখনো পুরোদমে বন্যা চলছে। ৬টিতে রয়েছে আংশিক। যদিও এসব এলাকার বন্যার পানি সোমবার থেকে কমতে শুরু করেছে। তবে এর ধীরগতির কারণে বন্যার পানি পুরোপুরি কমতে অন্তত সপ্তাহখানেক পেরিয়ে যাবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে মঙ্গলবারও সেনাবাহিনী, বিএনপি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত ছিল।
সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বন্যার পানি সরে যাওয়া এলাকাগুলোতে পানি নামলেও কমেনি দুর্ভোগ। পানির তোড়ে বাড়িঘর হারিয়ে দিশেহারা কয়েকশ পরিবার। রাস্তা-ঘাট বিধ্বস্ত হওয়ায় রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন। আকস্মিক বন্যায় আসবাবপত্র থেকে খাদ্যসামগ্রী পানির তোড়ে ভেসে যাওয়ায় পড়েছেন মহাসংকটে। বন্যার পানি নেমে যাওয়ায় ত্রাণও পৌছছে না সেসব এলাকায়। ফলে খাবার সংকটের পাশাপাশি, বিশুদ্ধ পানির সংকট এবং পুনর্বাস জরুরী বলে জানিয়েছেন তারা।
পোড়াগাঁও গ্রামের ঘর হারানো ভুক্তভোগী মুক্তারুজ্জামান জানান, আমরা পাহাড়ি এলাকায় বসবাস করি। আমার বয়সে এমন বন্যা দেখিনি। শুক্রবার হঠাৎ করেই চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে পানি আসে। মুহূর্তেই বাড়িঘর তলিয়ে যায়। ঘরের কোমড় পর্যন্ত পানি হয়। ৮৮ সালে বন্যাকেও হার মানিয়েছে এ বন্যা।
একই গ্রামের আনোয়ার হোসেন জানান, হঠাৎ করেই বন্যার পানি চলে আসে। কোনকিছু বুঝে ওঠার আগেই সব তলিয়ে যেতে থাকে। ভেঙে পড়ে এ এলাকার অন্তত অর্ধশত কাঁচা ঘর।
গৃহবধূ আমেনা খাতুন জানান, হঠাৎ করে পানি এসে পড়ে। ঘরের চাল, ডাল সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। কোনকিছু বাঁচাতে পরিনাই। কোনমতে জীবন নিয়ে ঘর থেকে বেরিয়ে গেছি। ঘর ও আসবাবপত্র হারিয়ে আমরা এখন নিঃস্ব।
এদিকে জেলার নিচু প্রায় ১২টি ইউনিয়নের রাস্তা-ঘাট এখনো পনিতে তলিয়ে। পনিবন্দি রয়েছে এসব এলাকার লক্ষাধিক মানুষ। গবাদিপশুর জায়গা হয়েছে উঁচু সড়ক বা ব্রিজে। ত্রাণ নিয়ে বিভিন্ন সংগঠন সেসব এলাকায় গেলেও প্রয়োজনীয় নৌযানের অভাবে বন্যা দুর্গত সবার কাছে পৌছাতে বেগ পেতে হচ্ছে, করতে হচ্ছে অপেক্ষা।
কলসপাড় ইউনিয়নের ঘোনপাড়া গ্রামের ফুলবানু জানান, ঘর থেকে পান নেমে গেলেও উঠানে হাটু পানি। দাড়ানোর জায়গা নেই। তাই নাতি-নাতনী নিয়ে রাস্তায় দাড়িয়ে থাকি। ৪ দিন ধরে রান্না-বান্না নেই। চিড়া-মুড়ি খাই, আত্মীয় বাড়ি থেকে রান্না করে খাবার পাঠায়। সেসব খেয়ে দিন কাটাচ্ছি।
একই গ্রামের গৃহবধূ মমতাজ আক্তার জানান, আমাদের বাড়ি-ঘরে পানি। গরু-বাছুর রাখার জায়গা নেই। রাস্তায় ব্রিজের উপর রাখছি। গরুরে খাদ্যের সংকট। গাছ নেই, এখান-সেখান থেকে খড় এনে কোনমতে খাওয়াচ্ছি।

এছাড়াও বন্যায় জেলার অন্তত ৫০ হাজার হেক্টর আমন ধানের খেত তলিয়ে গেছে, তলিয়ে গেছে প্রায় পৌণে দুই হাজার হেক্টর জমির সবজির আবাদ। এতে প্রায় ৫শ কোটির টাকার ক্ষয়ক্ষতি শঙ্কা করছেন কৃষি বিভাগ। ভেসে গেছে প্রায় ৭ হাজার পুকুরের ৭০ কোটি টাকার মাছ। বন্ধ রয়েছে ২ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বন্যার পানিতে ডুবে সোমবার পর্যন্ত নারী ও শিশুসহ মারা গেছেন ১০ জন। এরা হলো- নালিতাবাড়ী উপজেলার খলিশাকুড়া গ্রামের ইদ্রিস আলী (৬৬), অভয়পুর গ্রামের দুই ভাই হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৬), বাঘবেড় বালুরচর গ্রামের গৃহবধূ অমিজা খাতুন (৪৫), বাতকুচি গ্রামের বৃদ্ধা জহুরা খাতুন (৭০), নালিতাবাড়ীতে নানা বাড়ি বেড়াতে আসা শেরপুরের ধলা ইউনিয়নের চান্দেরনগর কড়ইতলা গ্রামের জামানের ৮ বছর বয়সী কন্যাশিশু জিমি আক্তার, নকলা উপজেলার জালালপুর চিকনা এলাকার উজ্জল মিয়া (৫০), গণপদ্দি গজারিয়া এলাকায় আব্দুর রাজ্জাক (৬০) ও নকলা উপজেলার টালকি ইউনিয়নের বড়পাগলা গ্রামের রফিকুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে রহিম। এছাড়াও ঝিনাইগাতিতে বন্যার পানিতে ভেসে এসেছে এক অজ্ঞাত নারীর লাশ। এমতাবস্থায় দ্রুত ত্রাণ তৎপরতার পাশাপাশি পুনর্বাসনের দাবী এলাকাবাসীর।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সুকল্প দাস জানিয়েছেন, জেলায় প্রায় ৫০ হাজার হেক্টর জমির আমন খেত ও প্রায় পৌণে দুই হাজার হেক্টর জমির সবজির আবাদ নষ্ট হয়েছে। আমরা আশা করছ, এরমধ্যে কিছু রিকভার হবে। সবমিলিয়ে প্রাথমিকভাবে কৃষিখাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫শ কোটি টাকা বলে জানান তিনি।