
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।
বুধবার (৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে জেলেদের টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া জেটি ঘাটে নিয়ে আসে বিজিবি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত সোমবার টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে জেলেদের ধরে নিয়ে যায় আরকান আর্মি। গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
২০১৭ সালের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনার পর থেকে নাফ নদীতে মাছ ধরা নিষেধ আছে। তারপরও বাংলাদেশের জেলেরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান। এ বিষয়ে সতর্ক থাকার জন্য বিজিবির পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।