
গাইবান্ধা : গাইবান্ধায় রডবোঝাই ট্রাক উল্টে ১৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার জুনদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন।
নিহত ১৩ জনের মধ্যে তিনজন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, নিহতদের মধ্যে তিনজন শিশু ও ১০ জন বয়স্ক মানুষ রয়েছেন। তারা রডবোঝাই ট্রাকের ওপর ত্রিপল বিছিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। গতকাল রাতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।