1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

ইসলামী ব্যাংকের সেই এমডি এখনো বহাল তবিয়তে

  • আপডেট টাইম :: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
বাংলার কাগজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ইসলামী ব্যাংক দখলমুক্ত হলেও ব্যাংকটির শীর্ষ নির্বাহী পদে কোনো পরিবর্তন আসেনি। প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলা এখনো আছেন বহাল তবিয়তে। ২০১৭ সালে ব্যাংকটি দখলের পর বিভিন্ন সময়ে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে ৮৮ হাজার কোটি টাকা বের করে নেয় এস আলম গ্রুপ। ব্যবস্থাপনা পরিচালকের সম্মতি ছাড়া এ পরিমাণ অর্থ বের করা কোনোভাবেই সম্ভব না বলে মনে করেন ব্যাংকিং খাতের অভিজ্ঞরা।

প্রাপ্ত তথ্য বলছে, ইসলামী ব্যাংক থেকে ৪৫টি অ্যাকাউন্টের মাধ্যমে এস আলম গ্রুপ ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো মোট ৮৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। গত সাত বছরে নামে-বেনামে ব্যাংকটির বিতরণ করা ১ লাখ ৭৫ হাজার কোটি টাকা ঋণের ৮২ শতাংশই নিয়েছে চট্টগ্রামভিত্তিক গ্রুপটি। আর নিয়মবহির্ভূত এসব ঋণ বিতরণে প্রধান সহযোগীর ভূমিকায় ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুহাম্মদ মুনিরুল মওলা।

জানা গেছে, ২০২২ সালের ১ থেকে ১৭ নভেম্বর নাবিল গ্রুপকে ২ হাজার ৪৬০ কোটি টাকা ঋণ দিয়েছে ইসলামী ব্যাংক। নাবিল গ্রুপকে ঋণ বিতরণকারী শাখার কর্মকর্তারা জানিয়েছিলেন, প্রধান কার্যালয় বিশেষ করে এমডির নির্দেশেই অর্থ ছাড় করা হয়েছে।

প্রাপ্ত তথ্যে দেখা গেছে, ঋণের টাকা ফেরত দেওয়ার সক্ষমতা আছে কি না, ঋণ কেন প্রয়োজন এসব কিছুই যাচাই না করে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাক্তাই শাখায় অ্যাকাউন্ট খোলার এক মাসের মধ্যে ঢেউটিন বিক্রির প্রতিষ্ঠান মুরাদ এন্টারপ্রাইজকে ৮৯০ কোটি টাকা ঋণ দেওয়া হয়।

পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকের ঋণ বিতরণে অনিয়ম নিয়ে গণমাধ্যমে তথ্য এলেও ব্যাংকটির এমডি মুনিরুল মওলা সব সময় তা অস্বীকার করেছেন। সে সময় তিনি গণমাধ্যমে বলেন, ‘ঋণ বা বিনিয়োগের জন্য সর্বোচ্চ পোর্টফোলিও ধারণ করা হয়। সুতরাং এ ধরনের একটি ব্যাংক, যারা ৪০ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে তাদের এ ধরনের অনিয়ম করার কোনো সুযোগ নেই। সিস্টেম আছে, এ সিস্টেমের ভেতরে আমাদের সবকিছু হয়। এখানে বেনামি ঋণ বলে কিছু নেই, নামেই আছে।’

নামসর্বস্ব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার বিষয়ে তিনি বলেছিলেন, ‘যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেওয়া হয়েছে, তা খেলাপি হওয়ার আশঙ্কা নেই। যদি কোনো প্রতিষ্ঠান খেলাপি হয়েও যায় তাদের অর্থ জামানত থেকে উঠে আসবে।’ অথচ রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে ব্যাংকটির দুরবস্থার চিত্র বেরিয়ে এসেছে। নামে-বেনামে ঋণ দেওয়ার কারণে তীব্র তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকে সিআরআর ও এসএলআর রাখতেও ব্যর্থ হচ্ছে। আবার চলতি হিসাবেও ঘাটতি ছিল, এতদিন যা লুকিয়ে রাখা হয়েছে। এত কিছুর পরও সেই এমডি এখনো কীভাবে ইসলামী ব্যাংকে বহাল আছেন? তা নিয়ে ব্যাংকিং খাতে নানামুখী আলোচনা চলছে। এমডি ছাড়াও এসব ঋণ বিতরণে অনিয়মে জড়িতদের মধ্যে এখনো বহাল রয়েছেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, এসইভিপি ও আইটিপ্রধান আহমেদ জুবায়েরুল হক, অডিটপ্রধান মো. রাজা মিয়া, এমডি সেক্রেটারিয়েট খালেদ মাহমুদ রায়হান ও এ এম শহিদুল এমরান, সার্ভিস উইংয়ের প্রধান এহসানুল হক, এসভিপি মো. সোহেল আমান, প্রধান বিপণন বিশেষজ্ঞ গান্ধী কুমার রায়, মমতাজ উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান, মোস্তাক আহমেদ।

মানবসম্পদ বিভাগের মো. মোস্তফা, মো. জাহেদুল ইসলাম ও মো. আবদুল্লাহ খালেদ। এ ছাড়া এভিপি আমিন উল্লাহ পাশা, মো. তাহেরুল আমিন ও মো. খালেদ মোর্শেদ। প্রধান কার্যলয় ছাড়াও বিভিন্ন শাখায় ঋণ বিতরণে অনিয়মে জড়িতদের মধ্যে চট্টগ্রামের জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহ, উত্তরের জোনপ্রধান নুরুল হোসেন কাওসার, আগ্রাবাদ শাখাপ্রধান আবদুল নাসের, রাজশাহীর সাবেক জোনপ্রধান মো. মিজানুর রহমান, রাজশাহী নিউমার্কেট শাখাপ্রধান মুন্সি রেজাউর রশিদ, গুলশান করপোরেট শাখাপ্রধান এ টি এম শহিদুল হক, রাজশাহী শাখাপ্রধান ওয়াসিউর রেজা, খাতুনগঞ্জ শাখাপ্রধান সিরাজুল ইসলাম কবির, নিজাম রোড শাখাপ্রধান মো. আসিফুল হক, জুবলী রোড শাখাপ্রধান মো. শাহাদাত হোসেন, পাবনা শাখাপ্রধান মো. শাহজাহান এবং চাক্তাই শাখাপ্রধান মনজুর হাসান।

এ বিষয়ে মন্তব্যের জন্য ইসলামী ব্যাংকের এমডি মুহাম্মদ মুনিরুল মওলার সঙ্গে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

অনিয়মের সঙ্গে জড়িত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ‘ব্যাংকের টাকা ভিন্ন খাতে সরিয়ে ফেলা হয়েছে। নিচের দিকের কর্মকর্তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে দুষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করা হচ্ছে। ধীরে ধীরে পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com