
মনিরুল ইসলাম মনির : ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত অন্তত ২০ কোটি টাকা মূল্যের বালু চুরি হলো দিনে-রাতে। ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার। অবৈধ স্থানে উত্তোলিত ওইসব বালু চুরির পর অবাধ পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় বন্ধ হয়নি অবৈধ উত্তোলনও। বিশেষ করে, সবশেষ নিলামের পর পুনরায় অবৈধ ওইসব স্থানে শুরু হয়েছে বালু উত্তোলন। ফলে নদীর তীর ভেঙে কমছে দেশের মানচিত্র। চর জেগে উঠছে ভারতের অংশে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর কালাকুমা এলাকায় প্রকাশ্যে চলে আসা এমন কর্মকাণ্ডেও যেন ঘুম ভাঙেনি কর্তৃপক্ষের।
সূত্র জানায়, গেল সেপ্টেম্বরে ভোগাই নদীর কালাকুমা এলাকায় ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে উত্তোলিত প্রায় ১২ লাখ ৯১ হাজার ঘনফুট বালু ভ্রাম্যমাণ আদালতে জব্দ করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে ৩ ডিসেম্বর জব্দকৃত ওই বালু প্রকাশ্যে নিলাম ডাকা হয়। সর্বোচ্চ ৪৪ টাকা ঘনফুট হিসেবে নিলামে ওই বালু নেন শাহাদত হোসেন সামাদ। নিয়মানুযায়ী ৫ লাখ টাকা জামানত দিয়ে পরবর্তী ৫ দিনের মধ্যে সমুদয় টাকা পরিশোধসাপেক্ষে নিলামপ্রাপ্ত বালু অপসারণের কথা ছিল। কিন্তু ৪ অক্টোবরের ভয়াবহ বন্যায় ভেসে যাওয়ার পর নিলামকৃত ১২ লাখ ৯১ হাজার ঘনফুট বালুর পরিবর্তে পাওয়া যায় ৭ লাখ ঘনফুট। ফলে নিলাম গ্রহীতার আবেদনের প্রেক্ষিতে তার জামানতের টাকা ফেরত দিয়ে সম্প্রতি পুনরায় নিলামের জন্য নির্দেশনা দেয় জেলা প্রশাসন।
এদিকে নতুন বছরের শুরু থেকেই প্রথমে গভীর রাতে ও পরবর্তীতে দিনেরাতে প্রকাশ্যে জব্দকৃত ওইসব বালু চুরি শুরু হয়। ট্রলি, মাহিন্দ্রা থেকে শুরু করে ট্রাক ভর্তি করে প্রকাশ্যে চলে জব্দকৃত বালু লুটপাটের মহোৎসব।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব বালু উত্তোলনকারী বা ব্যবসায়ী ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেছিল তারা অপেক্ষাকৃত কম মূল্যে স্থানীয় ট্রলিচালক ও সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেয়। পরে ওই এলাকার ট্রলিচালক থেকে শুরু করে স্থানীয় একটি সিন্ডিকেট প্রকাশ্যে জব্দকৃত বালু ট্রলি, মাহিন্দ্রা ও ট্রাকে করে সেখান থেকে অন্যত্র সরিয়ে ফেলে এবং বিক্রি করে দেয়। ফলে সবশেষ পরিমাপকৃত ৭ লাখ ঘনফুট বালু প্রায় ২ লাখ ঘনফুটে এসে পৌছে বলে অনুসন্ধানে উঠে আসে।
এদিকে দ্বিতীয় দফায় গত ৬ ফেব্রুয়ারি কাগজে-কলমে থাকা ৭ লাখ ঘনফুট বালু প্রতি ঘনফুট ১৫.৫০ টাকা দরে নিলামে বিক্রি করা হয়। বালু নিলামে দেওয়ার পর কার্যাদেশ না পেলেও ৮ ফেব্রুয়ারি থেকে নিলামকৃত বালু বিক্রি শুরু করে নিলামগ্রহীতা কর্তৃপক্ষ। শুরু করা হয় রয়েলিটি আদায়। নিষিদ্ধ সীমানা থেকে বালু পরিবহনের এ সুযোগকে কাজে লাগিয়ে সরব হয় অবৈধ বালু উত্তোলনকারীরা। বর্তমানে ভোগাইয়ের নিষিদ্ধ ওইসব সীমানায় অন্তত ২০টি মিনি ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন চলছে।

স্থানীয় সূত্র জানায়, দিনের বেলায় ড্রেজারগুলো সরিয়ে রাখা হলেও সন্ধ্যার পরপর তা পুনস্থাপন করা হয়। মধ্যরাত হলে গর্জে ওঠে মিনি ড্রেজারগুলো। সকাল পর্যন্ত চলে অবাধে বালু উত্তোলন।
১৪ ফেব্রুয়ারি শুক্রবার ও ১৬ ফেব্রুয়ারি রোববার সরেজমিনে পরিদর্শনে গেলে দিনের বেলাতেই কিছু ড্রেজার অবৈধ সীমানায় পাওয়া গেছে। সন্ধ্যা লাগার সাথে সাথে নিলামকৃত বালু পরিবহণের নামে অবৈধভাবে সদ্য উত্তোলিত বালু পরিবহন করতে দেখে গেছে অসংখ্য ট্রাকে। এসব ট্রাক থেকে সদ্য উত্তোলিত বালুর পানি ঝরছিল। মূলত নিলামগ্রহীতা প্রতিষ্ঠানের সহযোগিতায় চলছে এসব অবৈধ মিনি ড্রেজার।

তবে নিলামগ্রহীতা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শাহিন সরকার জানিয়েছেন, আমাদের কোন লোক বালু উত্তোলনের সাথে জড়িত নেই। আমাদের কোন সহযোগিতাও নেই। যারা তুলছে তারা অবৈধভাবে তুলছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, নিলামকৃত বালু অপসারণের জন্য ১২ তারিখ থেকে কার্যাদেশ দেওয়া হয়েছে। তাদের শুধুমাত্র নিলামকৃত বালু অপসারণ করতে বলা হয়েছে। উত্তোলনের অনুমোতি দেওয়া হয়নি।