
বাংলার কাগজ ডেস্ক : সীমান্তে চোরাচালান বন্ধে অভিযানের অংশ হিসেবে চোরাই পথে আনা ভারতীয় জিরা, গরু ও মদ জব্দ এবং একজনকে আটক করেছে বিজিবি। গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার পৃথক অভিযানে ঘোষগাঁও, সূর্যপূর, গোবরাকুড়া এবং কড়ইতলী বিওপি’র সদস্যরা এসব জব্দ ও আটক করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার ভোর রাতে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও নয়াপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদসহ দোলোয়ার হোসেন (২২) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তবে এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারে জড়িত সাব্বির হোসেন (২০), জুয়েল মিয়া (২০) ও মাহফুজ হোসেন (১৯) নামে তিন চোরাকারবারী পালিয়ে যায়।
এছাড়াও একই ভোর রাতে হালুয়াঘাটের কাটাবাড়ী সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ করে সূর্যপুর বিওপি’র সদস্যরা। একই দিন ভোর রাতে পূর্ব গোবরাকুড়া এলাকা দিয়ে পাচারকালে একটি ভারতীয় গরু জব্দ করে গোবরাকুড়া বিওপি’র সদস্যরা।

অন্যদিকে পরদিন শনিবার ভোর রাতে হালুয়াঘাটের লক্ষীকুড়া এলাকা দিয়ে পাচারকালে ৩০২ কেজি ভারতীয় জিরা জব্দ করে কড়াইতলী বিওপি’র বিজিবি জওয়ানরা। বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বাজার মূল্য প্রায় পৌণে পাঁচ লাখ টাকা।