
ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের অন্যতম পর্যটন কেন্দ্র গজনী অবকাশে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক মাদরাসা ছাত্রী। এ ঘটনায় লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন ধর্ষিতা ওই কিশোরীর মা।
গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিষপানের পর রাতেই মুমূর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি বান্ধবীদের সাথে গজনীতে বেড়াতে গেলে পূর্ব পরিচিত যুবক ইলিয়াস ওই মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ১৪ ফেব্রুয়ারি ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের দরিদ্র কামারের কিশোরী কন্যা ও মাদরাসা অষ্টম শ্রেণির ছাত্রী গজনী অবকাশ কেন্দ্রে চার বান্ধবীর সাথে বেড়াতে যায়। এসময় একই উপজেলার সারিকালিনগর গ্রামের পূর্ব পরিচিত বখাটে যুবক ইলিয়াস তার তিন সহযোগিকে নিয়ে ওই কিশোরীকে কৌশলে জঙ্গলে ডেকে নেয়। সেখানে নেওয়ার পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এতে কিশোরী চিৎকার ও কান্নাকাটি করলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেন। বিষয়টি প্রকাশ হয়ে পড়লে ওই যুবকের প্রভাবশালী পরিবার ঘটনাটি ধামাচাপা দিতে স্কুলছাত্রীর পরিবারের উপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে লজ্জায় মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরীর মা বাড়ির পাশের পাহাড়ে গিয়ে বিষ পান করে। এর কিছুক্ষণ পর বাড়ির লোকজন তাকে বাড়ির পাশের পাহাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে শেরপুর সদর হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে রাতেই তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমীন জানান, এ ঘটনায় অভিযুক্ত ও সহযোগী তিন জনসহ মোট চার জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।