
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও ও নকলা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
গত রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাঠাকাটা গ্রামে সংঘবদ্ধ কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আশিক মিয়াকে (২০) গ্রেফতারের পর বিচারের দাবিতে এ অবরোধ করা হয়। এসময় বিক্ষোভকারীরা গ্রেফতার হওয়া আসামি আশিককে বিচারের জন্য তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ফলে থানার ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমানসহ পুলিশ বাহিনী। ঘণ্টা দেড়েক পর বিক্ষোভকারীরা থানা ছেড়ে থানা ফটকের সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বন্ধ করে দেওয়া হয় নকলা থানার সামনে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়ক দিয়ে চলাচল করা সবধরনের যানবাহন।
খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নকলায় আসেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম। পরে উপজেলা বিএনপি’র আহবায়ক খোরশেদুর রহমানসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ এবং নকলা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এসএম মাসুম, রাইয়্যান আল মাহাদি অন্তর ও ইমাম হাসান সাব্বিরকে নিয়ে ওসি’র কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। প্রায় ৪০ মিনিট ধরে চলা বৈঠকে অতিরিক্ত ধর্ষণ মামলার অপর আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ধর্ষণের বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।