
মনজুরুল হক: মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেঁস্তোরা বন্ধ রাখা, নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ যোহর স্বাগত মিছিলটি দলের উপজেলা কার্যালয় থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা আবদুল্লাহ আল কায়েস এর সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমান সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- মারকাজ মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মুফতি ওবায়দুর রহমান, শ্রমিক আন্দোলনের সভাপতি মাওলানা ইবরাহীম খলিল।
এসময় উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাগত মিছিল শেষে বক্তারা মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় পানাহার বর্জন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিরোধ, বেপর্দা বেহায়াপনা বন্ধ, পবিত্র সিয়াম সাধনার ব্রতী, দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।