
শেরপুর : ঢাকার দক্ষিণখানে ব্যবসায়ী সুমন কুমার হত্যা মামলার অন্যতম আসামী শেরপুরের শ্রীবরদী উপজেলার হেলাল উদ্দিন (৪৪) কে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর। শনিবার (১ মার্চ) রাতে শ্রীবরদী উপজেলার কলাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল ওই উপজেলার হালগড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
২ মার্চ পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ঢাকার দক্ষিণখানের ১৯০ শিয়ালডাঙ্গা রোডের কাওলা এলাকার বাসিন্দা এবং ওষুধ ও বিকাশ ব্যবসায়ী সুমন কুমার পাল। তিনি গত ১৫ ফেব্রুয়ারী সকালে দক্ষিণখানের ভাই ভাই মেডিকেল হল নামে ফার্মেসীতে বসেছিলেন। এসময় অভিযুক্ত হেলাল উদ্দিনসহ অন্য সহযোগীরা ব্যবসায়ী সুমন কুমার পালের ওপর হামলা চালিয়ে ১২ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তাকে গুরুতর জখম করে। একপর্যায়ে ব্যবসায়ীর চিৎকারে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারী চক্রের একজনকে আটক করে গণপিটুনি দেয়। তবে পালিয়ে যায় অন্যরা। পরে আহত সুমনকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সেতু রানী পাল বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন।