
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে মোটারসাইকেলের ধাক্কায় তায়িবা নামে ৩ বছর বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে।
রোববার (২ মার্চ) বেলা এগারোটার দিকে উপজেলার নালিতাবাড়ী-কাকরকান্দি সড়কের বিন্নিবাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত তায়িবা ওই এলাকার হাসান আলীর কন্যা।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে শিশু তায়িবা নালিতাবাড়ী-কাকরকান্দি সড়কের পাশে খেলা করছিল। এসময় বিশগিরিপাড়া এলাকার মোটরসাইকেল চালক ছামাদুল ইসলাম বেপরোয়া গতিতে পেছন দিক থেকে তায়িবাকে ধাক্কা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তায়িবা মারা যায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।