
ঝিনাইগাতী (শেরপুর): শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আসা মাইক্রোবাস ভর্তি ভারতীয় পণ্যসহ এক নারী পাচারকারীসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৩ মার্চ) সোমবার ঝিনাইগাতী উপজেলা সদর বাজারের থানা মোড় এলাকায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ঢাকা জেলার বক্তারপুর এলাকার আবুল হোসেনের ছেলে মায়ারুল ইসলাম (৩৫), তার স্ত্রী পোড়াবাড়ি এলাকার সুরুজ মিঞার মেয়ে সুমি আক্তার মৌসুমি (২৫) ও মাইক্রোবাস চালক নড়াইল জেলার লোহাগড়া থানার নাওয়া গ্রামের মৃত সৈয়দ রওশানের ছেলে সৈয়দ মাহমুদ রিয়াদ সাগর (৪৩)।
পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে চোরাই পথে আসা ভারতীয় পণ্য পাচারের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ থানা মোড়ে অভিযান চালায়। এসময় গাড়িটি আটক করে তল্লাশি করে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের শাড়ি, ফেইসওয়াস ও স্যান্ডেল জব্দ করা হয়। এসবের বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জানা গেছে, গ্রেফতারকৃত নারীসহ ২ চোরাকারবারি সিন্ডিকেট সদস্য ও বেদে সম্প্রদায়ের লোক। ডেফলাই বেদে পল্লীতে তাদের আত্মীয়-স্বজন রয়েছে। এ সুবাদে দীর্ঘদিন থেকে বেদে পল্লী থেকে তারা চোরাচালানির ব্যবসা পরিচালনা করে আসছিল।