
ভোলা : লালমোহনে সংঘবদ্ধ গরু চোর চক্রের ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় চোর চক্রের লুণ্ঠিত ১৬টি গরুর মধ্যে ৫টি গরু উদ্ধার করা সম্ভব হয়। এ নিয়ে শনিবার (৮ মার্চ) সকালে লালমোহন থানায় প্রেস ব্রিফিং করেন ভোলার সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল আখতার।
প্রেস ব্রিফিংয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ছাড়াও অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সহকারী পুলিশ সুপার বাবুল আখতার জানান, গত ২ মার্চ লালমোহন উপজেলার তেতুঁলিয়া নদীর মাঝে অবস্থিত চর কচুয়াখালীর কৃষক জাকির মাঝির খোয়ার থেকে তার রাখালদের ভয়ভীতি ও মারধর করে হাত পা বেঁধে ১৬ টি গরু লুট করে নিয়ে যায় ১০-১২ জনের সংঘবদ্ধ চোরের দল। এ ঘটনায় পরদিন লালমোহন থানায় মামলা হয়।
মামলার তদন্ত করতে গিয়ে চক্রের প্রধান জুয়েল মৃধার (৪০) সন্ধান পায় পুলিশ। পরে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে বিশেষ অভিযান চালিয়ে বরিশাল শহরের ৪০ গোডাউন এলাকা থেকে চক্রের প্রধান জুয়েল মৃধাকে আটক করে ডিবি পুলিশ। চোর চক্রের প্রধান জুয়েল পটুয়াখালী সদর উপজেলার মাদার বুনিয়া ইউনিয়নের বেজাল বুনিয়া গ্রামের সোহরাব মৃধার ছেলে।
এসময়, জুয়েল চক্রের অন্য চার সদস্যকে ফোনের মাধ্যমে ডেকে এনে ডিবির হাতে সোপর্দ করে। তারা হলো, মো. নুরু, মাইনুদ্দিন প্যাদা, আবুল হোসেন ও আবু তাহের ।
বাবুল আখতার আরও জানান, এরপর জুয়েলকে জিজ্ঞাসাবাদ করলে সে তার চক্রের সদস্যদের নাম প্রকাশ করে এবং লুণ্ঠিত গরুর সন্ধান দেয়। পরে জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৭ মার্চ শুক্রবার রাতে অভিযান চালানো হয় তেতুঁলিয়া নদীর মাঝে অবস্থিত বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের মাঝের চরে। সেখানে চন্দ্রদ্বীপ ইউনিয়নের শাহাবুদ্দিন মেম্বারের বাড়ি থেকে ৫টি গরু উদ্ধার করা হয় এবং গরু চোর চক্রের অপর সদস্য নিজাম, মাজহারুল হাওলাদার, ইসমাত হোসেন, রেজাউল সরদার, জাকির হাওলাদার, এবং তোফাজ্জল ফরাজিকে আটক করা হয়। এদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা ও রাঙ্গাবালি উপজেলার বিভিন্ন গ্রামে।
পুলিশ সুত্রে জানা গেছে, চোর চক্রের সদস্যরা ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে দিনের বেলায় তরমুজ চাষির ছদ্মবেশে বিভিন্ন চরে ঘুরে বেড়ায়। মাঝেমধ্যে চরের তরমুজ ও রবিসষ্য কেনার ছলে কৃষকদের সাথে সখ্যতা গড়ে, সেখানেই রাত্রি যাপন করে। পরে রাতের বেলায় গরু-মহিষ লুট করে। চোর চক্রের অত্যাচারে চরের বাসিন্দারা অতিষ্ঠ।