
নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে চান মিয়া ওরেফ লছা মিয়া নামে ষাট বছর বয়সী প্রতিবেশি দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া প্রতিবেশি কন্যা শিশুকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে জনৈক সামছুল হকের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করতে মজা খাওয়ার জন্য ২০ টাকা হাতে ধরিয়ে দেয়। একই সময় শিশুর মা ভুট্টা ক্ষেতে গেলে চান মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরে চান মিয়া বিষয়টি ধামাচাপা দিয়ে আপোষ-মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। রাতে শিশুটির বাবা নকলা থানায় অভিযোগ করলে রাতেই চান মিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতার করে রোববার আদালতে পাঠানো হয়। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে পাঠানো হয়েছে।