
নালিতাবাড়ী (শেরপুর) : অবৈধভাবে ভোগাই নদীর ইজারা বহির্ভূত এলাকা থেকে বালু উত্তোলন করায় এক জনের জেল ও ২০টি মিনি ড্রেজারসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ) ভোগাই নদীর গোবিন্দনগর ছয়আনী পাড়া, গোবিন্দনগর ও ভোগাইরপাড় এলাকায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
জানা গেছে, প্রশাসনের বারবার নিষেধাজ্ঞা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরও ভোগাই নদীর ইজারা বহির্ভূত এলাকা গোবিন্দনগর, গোবিন্দনগর ছয়আনী পাড়া ও ভোগাইরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে হতেনাতে আটক গোবিন্দনগর গ্রামের ইউসুফ আলীর ছেলে আবু সাইদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ১টি মোটর সাইকেল জব্দ এবং ২০টি মিনি ড্রেজার, অসংখ্য পাইপ, ১০টি মাচা ও স্থাপনা ধ্বংস করা হয়।