
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালীর তীরবর্তী ফসলি জমি ও বসতভিটা খুঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ৮৫টি মিনি ড্রেজারসহ অসংখ্য সরঞ্জাম ধ্বংস এবং একজনকে কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) দিনব্যাপী উপজেলার বুরুঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
উপজেলা প্রশাসন জানায়, বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পাড় এবং তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি নষ্ট করে গভীর গর্ত খূঁড়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানকালে বুরুঙ্গা এলাকার তুরাব আলীর ছেলে হাসমত আলীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালুচালিত ৮৫টি মিনি ড্রেজার, ২০টি স্থাপনা বা মাচা এবং কয়েক হাজার ফুট পাইপ ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে। অভিযানে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার অংশ নেয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি জানান, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।