
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২টি অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর।
বুধবার সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় মেসার্স এবিএম অটো ব্রিকস এবং দহেরপাড় এলাকায় শ্রীবরদী জিগজ্যাগ ব্রিকসে অভিযান চালিয়ে অবৈধ ইটভাটার চিমনি ও কিলন ভেঙে দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক।
এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নুর কুতুবে আলম সিদ্দিক, পরিদর্শক সুশীল কুমার দাস সহ পরিবেশ অধিদপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ভাটাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।