
শেরপুর : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন পরিষদে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত ঈদুল ফিতরের উপহার (ভিজিএফ) চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ বিক্ষোভের আয়োজন করেন ইউনিয়নবাসী।
বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান খুররম সঠিক তালিকা প্রস্তুত না করে এবং প্রকৃত দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ না করায় চরম ক্ষোভ দেখা দেয় সুবিধাবঞ্চিতদের মাঝে। মানব বন্ধনে বক্তারা বিগত সময়ে অর্থ আত্মসাৎসহ নানা দুর্নীতি ও অপকর্মের বিষয় তুলে ধরে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে শেরপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দাখিল করেন এলাকাবাসী।